Main Menu

চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোট রবিবার

বৈশাখী নিউজ ডেস্ক: রবিবার চতুর্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের পাঁচ বিভাগের ১৬ জেলার মোট ১০৭ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান; এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তার আগেই চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৮৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ধাপের নির্বাচনে আরও প্রায় ২ শতাধিক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের নির্বাচনে ৮৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও ১৫টি উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যেসব উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেগুলো হলো- ভোলার সদর, মনপুরা, দৌলতখান ও চরফ্যাশন; পিরোজপুরের ভাণ্ডারিয়া; যশোরের সদর ও শার্শা; টাঙ্গাইলের ধনবাড়ী; কুমিল্লার লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম; নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, ফুলতলা ও বটিয়াঘাটা; বাগেরহাটের সদর, মোংলা, চিতলমারী, কচুয়া, রামপাল ও শরণখোলা; ময়মনসিংহের সদর, গফরগাঁও ও ফুলবাড়ীয়া; ঢাকার সাভার, কেরানীগঞ্জ ও দোহার; ফেনীর ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঁঞা, ছাগলনাইয়া ও পরশুরাম এবং দিনাজপুর সদর।

ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা উপজেলাগুলো হলো- ভোলার সদর, মনপুরা ও চরফ্যাশন; পিরোজপুরের নাজিরপুর; যশোরের শার্শা; খুলনার দাকোপ; কুমিল্লার লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম; নোয়াখালীর চাটখিল ও কোম্পানীগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার কসবা; বাগেরহাটের ফকিরহাট; ময়মনসিংহের গফরগাঁও; মুন্সীগঞ্জের লৌহজং; নারায়ণগঞ্জের আড়াইহাজার; ঢাকার সাভার ও কেরানীগঞ্জ; ফেনীর সদর ও পরশুরাম।

নারী ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা উপজেলাগুলো হলো- পটুয়াখালী সদর; ভোলার সদর, মনপুরা, দৌলতখান ও চরফ্যাশন; পিরোজপুরের ভাণ্ডারিয়া; যশোরের শার্শা; কুমিল্লার বরুড়া, লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম; নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা; বাগেরহাটের সদর ও ফকিরহাট; ময়মনসিংহের হালুয়াঘাট ও গফরগাঁও; নারায়ণগঞ্জের আড়াইহাজার; ঢাকার সাভার, ধামরাই ও কেরানীগঞ্জ; ফেনীরর সদর ও পরশুরাম।

রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র‌্যাব, আনসার, এপিবিএন বিজিবির দেড়লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। ৫০টি উপজেলা ঝুকিঁপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ৫০টি উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১৬ জেলার ১০৭টি উপজেলায় ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

চতুর্থ ধাপে ১২২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এছাড়া, আগের তিন ধাপে স্থগিত হওয়া ৬টিসহ মোট ১২৮টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনের কথা ছিল। এর মধ্যে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বরুড়া, পিরোজপুরের মঠবাড়িয়া এবং নোয়াখালীর কবির হাটের ইসি নির্বাচন স্থগিত করেছে। এছাড়া ১৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। ফলে চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে ১০৭ উপজেলায়।

পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায়, তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় এবং আগামী ১৮ জুন পঞ্চম ধাপের ২১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed