Main Menu

বনানীর আগুনে নিহত ৭ জনের লাশ হস্তান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মরদেহ গ্রহণ করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অপেক্ষার প্রহর গুণছেন মৃতের স্বজনেরা। হৃদয় বিদারক এই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ইতোমধ্যে ৭ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে ৬ জনের মরদেহ বৃহস্পতিবার রাতে ও অপর একজনের মরদেহ শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মরদেহ হস্তান্তর হওয়া এই ৭ জন হলেন- আতিকুর রহমান (৪২), আমির হোসেন রাব্বি (২৯), ইফতেখার হোসেন (৩৭), জারিন আহসান বৃষ্টি (২৫), তানভীর সিদ্দিক আবির (২৯), মঞ্জুর হাসান (৪৯) ও ফজলে রাব্বি (৩০)।

ঢামেক সূত্র জানিয়েছে, আহমেদ জাফর (৫২) নামে অপর এক নিহতের ময়নাতদন্ত চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ড. সোহেল মাহমুদ মর্গে এ ময়নাতদন্ত করছেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় কালো হয়ে উঠে গোটা এলাকা। ভবনের ভেতরে থাকা অসংখ্য মানুষ লাফিয়ে ও ক্যাবলের তার বেয়ে নামতে গিয়ে আহত হন। দু-একজন সেখানেই নিহত হন। প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের দেয়া তথ্য মতে, এতে এক শ্রীলঙ্কান নাগরিক সহ অন্তত ১৯ জনের প্রাণহানি হয়। অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অর্ধশতাধিক লোক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed