Main Menu

নিউজিল্যান্ডে হামলায় নিহতদের ৪ জন বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ঘটনায় নিহত ৫০ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি। নিহতদের মধ্যে বাংলাদেশি কতজন সে নিয়ে রয়েছে সংশয়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ জনের বিষয়ে নিশ্চিত করা হয়েছিল। কিন্তু নিহতদের একটি বেসরকারি তালিকা প্রকাশ করা হয়েছে। নিহত ৫০ জনের ওই তালিকায় চারজন বাংলাদেশির নাম রয়েছে। তারা হলেন— ড.আবদুস সামাদ, হুসনে আরা পারভীন, মোজাম্মেল এবং ওমর ফারুক। জাকারিয়া ভুঁইয়া নামের আরেক বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন।

রবিবার (১৭ মার্চ) সকালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উপ-প্রধান তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত চার বাংলাদেশির মধ্যে ড. আবদুস সামাদ ও হুসনে আরা পারভীন নিউজিল্যান্ডের নাগরিক। আর মোজাম্মেল ও ওমর ফারুক বাংলাদেশি নাগরিক।

তারেক আহমেদ বলেন, ‘আমরা এখনও জাকারিয়া ভুঁইয়া নামে আরেক বাংলাদেশিকে খুঁজে পাচ্ছি না। আমি এখন (রবিবার সকালে) মর্গের সামনে আছি, জাকারিয়া ভুঁইয়াকে চেনেন এমন একজনকে নিয়ে। আমি পুলিশকে অনুরোধ জানিয়েছি— জাকারিয়ার মরদেহ সেখানে আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যক্তিকে যেন মর্গে ঢুকতে দেয়া হয়। আশা করি, পুলিশ তাকে মর্গে ঢোকার অনুমতি দেবে।’

বাংলাদেশ হাইকমিশনের উপ-প্রধান জানান, গুরুতর আহত লিপির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ তার অপারেশন হবে। অন্যদিকে, আহত রুবেল ও মোতাচ্ছের ভালো আছেন।

কূটনীতিক তারেক আহমেদ বলেন, ‘নিউজিল্যান্ড কর্তৃপক্ষ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। কেউ যদি লাশ দেশে নিয়ে যেতে চান, তারা সহায়তা দেবেন।’

নিহত মোজাম্মেল ও ওমর ফারুকের লাশ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে তাদের আত্মীয়স্বজন আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তারেক আহমেদ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ (শুক্রবার) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চরম খ্রিষ্টীয় উগ্রপন্থি বন্দুকধারীরা হামলা চালায়। এঘটনায় ৫০ জন নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন। এই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা।

Share





Related News

Comments are Closed