Main Menu

বাসযাত্রী মা-মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় মহাসড়কে বিকল হয়ে যাওয়া বাসের যাত্রী মা ও মেয়েকে ফুসলিয়ে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই লম্পটকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-শিবপুরের সৃষ্টিগড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)।

পুলিশ ও নির্যাতনের শিকার মা-মেয়ের সঙ্গে থাকা স্বজনরা জানান, মা মেয়েসহ ৫ জন স্বজনদের সাথে বাসযোগে ঢাকা থেকে সিলেটের হবিগঞ্জ নিজবাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এসময় গ্রেফতার হওয়া দুই আসামিসহ স্থানীয় ৬ আসামি বাসে তুলে দেয়ার কথা বলে মা মেয়েকে ফুসলিয়ে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়।

সেখানে দুটি কক্ষে তাদের আটক করে গণধর্ষণ করে আসামিরা। এসময় নির্যাতনের শিকার মা মেয়ে ডাক চিৎকার শুরু করলে আসামিরা পালিয় যায়। পরে তারা সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে গিয়ে সঙ্গে থাকা স্বজনদের খোঁজ পায় এবং স্থানীয়দের ঘটনা জানায়। খবর পেয়ে রাতেই শিবপুর থানা পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার দুই আসামিকে শনিবার (১৬ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার মা মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম।

Share





Related News

Comments are Closed