Main Menu

বিয়ের ৩ দিনের মাথায় দম্পতির আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্ক থেকে তিন দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সালানচর গ্রামের মোহাম্মদ আলী (২২) ও রুমি খাতুন (১৬)। বিয়ের ৩ দিন পর আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বজলুর রহমানের বাড়ি থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে হেমায়েতপুর হরিণধরা এলাকার নিজ ভাড়া ঘরের আড়ার সঙ্গে এক দড়িতে ঝুলন্ত অবস্থায় দম্পতির লাশ দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

রুমি খাতুন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর তার স্বামী মোহাম্মদ আলী একটি কলেজে পড়াশোনা করতেন।

গত তিন আগে ওই দম্পতির বিয়ে হয়েছে বলে ভাড়াটিয়ারা জানান। দম্পতি প্রেম করে বিয়ে করায় দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাভার মডেল থানার এসআই অখিল খন্দকার বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। নিহত দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed