Main Menu

দূরবর্তী গ্রহাণুতে অবতরণ করতে যাচ্ছে হায়াবুসা-২

প্রযুক্তি ডেস্ক: দূরবর্তী এক গ্রহাণুতে অবতরণের জন্য এগিয়ে যাওয়া শুরু করেছে জাপানের একটি মহাকাশ যান। এ মিশনের লক্ষ্য গ্রহাণুটি থেকে উপকরণ সংগ্রহ করা, যা থেকে সৌরজগতের সৃষ্টি ও পৃথিবীতে প্রাণের উৎপত্তি সম্পর্কে সূত্র পাওয়া যেতে পারে।

বৃহস্পতিবার হায়াবুসা-২ নামের এ মহাকাশ যানের যাত্রা নিরাপত্তার কারণে পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হয়। তারপরও মনুষ্যহীন যানটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সকালে অবতরণ করবে বলে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জানিয়েছে।

হায়াবুসা-২ কয়েক সেকেন্ডের অবতরণকালে গ্রহাণুর ভূপৃষ্ঠ ভেদ করে ভেতর থেকে উপকরণ নিয়ে আসবে। সবকিছু যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে যানটি সংগ্রহ করা নমুনা শেষ পর্যন্ত পৃথিবীতে পাঠিয়ে দেবে।

গ্রহাণুর অমসৃণ ও পাথুরে ভূপৃষ্ঠের জন্য এ সংক্ষিপ্ত অবতরণ হবে কঠিন। বাধা এড়াতে ৬ মিটার ব্যাসের একটি বৃত্ত লক্ষ্য করে এগিয়ে যাবে হায়াবুসা-২। গ্রহাণুর ভূপৃষ্ঠ থেকে ৫০০ মিটার দূরে থাকা পর্যন্ত মহাকাশ যানটিকে স্পেস এজেন্সির নিয়ন্ত্রণকারীরা দিক নির্দেশনা দেবেন। তারপরে একে নিজের ওপর ছেড়ে দেয়া হবে। কারণ পৃথিবী থেকে যানটিতে নির্দেশ পাঠাতে ২০ মিনিট সময় লাগে।

জাপানি লোককথা অনুযায়ী সমুদ্রের পাতালের জায়গা রোউগো নামে গ্রহাণুটির নাম রাখা হয়েছে। প্রায় ৯০০ মিটার ব্যাসের গ্রহাণুটি পৃথিবী থেকে ২৮ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে।

Share





Related News

Comments are Closed