শীঘ্রই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন নির্বাচনের ইশতেহার অনুসারে সরকার সিলেটসহ দেশের সকল বিভাগীয় শহরে স্বতন্ত্র ক্যান্সার ও কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সরকারের এ মেয়াদেই সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার বিকেলে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে বাংলাদেশের স্বাস্থ্য সেবা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। স্বাস্থ্যসেবাকে নিয়ে সরকার আরও সুনাম অর্জন করতে চায়। তবে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে।’
‘বিশেষ করে দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে এলেও অসংক্রামক রোগের আধিক্য বেড়ে গেছে। এজন্য নির্বাচনের ইশতেহার অনুসারে দেশের প্রত্যেক বিভাগে ক্যান্সার এবং কিডনী হাসপাতাল নির্মাণ করার পাশাপাশি স্বাস্থ্য সেবা, চিকিৎসা এবং শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাবে।
কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা রোগীদের সেবার মাধ্যমে সুনাম বৃদ্ধির জন্য চিকিৎসকদের আহ্বান জানান। জনগণের সেবা চায় বলেই জনগণ শেখ হাসিনাকে নির্বাচনে বিপুল বিজয় উপহার দিয়েছে বলেও যোগ করেন তিনি।
এদিকে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘চিকিৎসক সংকট কাটাতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। এরমধ্যে আগামী ২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।’
মতবিনিময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জি এম সালেহ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, স্বাচিপ সিলেট জেলার আহ্বায়ক ডা. রুকনুদ্দিন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় শেষে মন্ত্রী ওসমানী মেডিকেল হাসপাতাল পরিদর্শন করেন। সন্ধ্যায় মন্ত্রী শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন করেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed