বিজিবির গুলির প্রতিবাদে জাবিতে মানববন্ধন
অহনা তাসনুভা, জাবি সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে ৩জন নিহতসহ ১৫ গ্রামবাসী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে এবং সংশ্লিষ্টদের বিচার ও ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠাকুরগাও জেলা ছাত্রকল্যাণ সমিতি শনিবার ক্যাম্পাসে মানববন্ধন পালন করেছে।
১৬ই ফেব্রয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদমিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভাপতি শাকিল হোসেন বলেন, ‘বিজিবি দীর্ঘদিন ধরে স্থানীয় অধিবাসীদের সাথে অন্যায় আচরণ করে আসছে। গোপনে চোরাকারবারীদের সাথে আঁতাত করে মাদক, অস্ত্র, অবৈধ পণ্য টাকার বিনিময়ে পাচারে সহযোগিতা করলেও ওপরে নিরাপত্তার প্রমাণ দিতে সাধারণ মানুষের ওপর চালানো হচ্ছে অত্যাচার।’
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে পালিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা সমিতির সাবেক সভাপতি মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় রায় সহ আরও অনেকে।
মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ১। তদন্ত সাপেক্ষে দলমত নির্বিশেষে বিপথগামী বিজিবি সদস্যদের শাস্তি নিশ্চিত করতে হবে। ২। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে। ৩। আহতদের চিকিৎসাসেবা ও ব্যয়ভার নিশ্চিত করতে হবে। ৪। সীমান্তে সকল প্রকার মাদক ও গরু চোরাচালান বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িতদের শাস্তি দিতে হবে। ৫। সীমান্ত এলাকায় স্থানীয় মানুষ ও বিজিবির শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। ৬। পুলিশ কেন গ্রামবাসীর মামলা গ্রহণ করলনা তার সঠিক জবাবদিহি করতে হবে। ৭। বিজিবির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে চোরাই গরু সন্দেহে বিজিবি গ্রামবাসীদের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিজিবি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করলে নবাব, সাদেক ও জয়নুল নামে তিন গ্রামবাসী নিহত এবং ১৫জন গুলিবিদ্ধ হন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed