সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরুর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন সম্পন্ন করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এসময় জাহিদ মালেক রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজও দ্রুততম সময়ের মধ্যে শুরুর নির্দেশনা দেন।
আর এ লক্ষ্যে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া অতিসত্বর সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে চিকিৎসা শিক্ষার মান ঊর্ধ্বে রাখতে হলে নতুন তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত চালু করা দরকার। তিনি উচ্চতর চিকিৎসা শিক্ষায় গবেষণা কাজকে গুরুত্ব সহকারে সম্পৃক্ত করার জন্য সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আলমসহ মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, নির্মাণ, শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে উপচার্যরা স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ সম্পন্ন করে অস্থায়ী ভিত্তিতে দাফতরিক কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কাজও শুরু করেছে বলে সভায় জানানো হয়।
এছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়।
এর আগে গত ৯ জুলাই স্বাস্থ্যমন্ত্রী নাসিমের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন। এরপর গত ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন আইনটি পাসের জন্য সংসদে প্রস্তাব করলে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল’ পাস হয়।
এদিকে গত ১৪ নভেম্বর থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সহ-সভাপতি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী দায়িত্ব পালন করছেন।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed