Main Menu

বাবার মৃত্যুর পরদিন ছেলেকে নিয়ে গেছে ‘ডিবি’

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাবা মারা যাওয়ার পরদিন ছেলেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ১২ ফেব্রয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা শেখ চেরাগ আলীর পুত্র শেখ গোলাম হোসেন মিলাদকে ৭/৮ জনের একটি দল তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন রাতে মিলাদের বড় ভাই শেখ আফজাল হোসেন কোতোয়ালী থানায় নিখোঁজ উল্লেখ করে জিডি করেছেন। জিডি নং ৯২০ (তারিখ ১২/০২/১৯)।

জিডিতে তিনি উল্লেখ করেন, একটি কালো হাইএইস মাইক্রোবাস গাড়িতে করে (ঢাকা মেট্রো-চ-৫৬০৬৩১) ৭/৮ জনের একটি দল বাসায় আসে। তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার ভাই মিলাদকে নিয়ে যায়। এসময় একটি পাসপোর্ট ও দুটি মোবাইল ফোন নেয় বলেও উল্লেখ করেন তিনি।
এ ঘটনার পর এসএমপি পুলিশের সবকটি থানা, ডিবি অফিস ও র‌্যাব-৯ এ তিনি তার ভাইয়ের খোঁজ করেন। কিন্তু কোনো তথ্য পাননি। পরে নিরুপায় হয়ে কোতোয়ালী থানায় জিডি করেন। এতে তিনি ভাইয়ের খোঁজ দিতে অনুরোধ জানান।
শেখ আফজাল হোসেন জানান, এর আগে গত সোমবার সকাল পৌনে ৯টায় উইমেন্স হাসপাতালে তার বাবা শেখ চেরাগ আলী মারা যান। তার দাফন শেষ হতে না হতেই তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। গোয়েন্দা শাখা ও থানা পুলিশ তাকে আটকের কথা স্বীকার করছে না। নিয়ে যাওযার সময় কারণ জানতে চাইলে তারা কিছুই বলা যাবে না বলে জানায়। এসময় তাদের সবার সাথে অস্ত্র ছিল বলে জানান তিনি।

তিনি আরো জানান, তার ভাই সিলেট উইমেন্স হাসপাতালে রিসিপশনে কাজ করতেন। ঢাকায় একটি কাজ পাওয়ায় গত কয়েকদিন আগে হাসপাতালের চাকরিটি ছেড়ে দেন। ২০০৮/২০০৯ শিক্ষাবর্ষে মদন মোহন কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. শাহাবুল ইসলাম জানান, জিডির প্রেক্ষিতে পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে ঢাকা বা অন্য কোথাও থেকে পুলিশ বা আইনশৃঙ্খলাবাহিনীর দল আসলে স্থানীয় থানায় অবগত করতে হয়। তিনি এ ধরনের কোনো তথ্য পাননি।

Share





Related News

Comments are Closed