Main Menu

উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিক কন্যা নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসের চাপায় ফাইজা তাহসিনা সূচি (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে উত্তরার রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ১০ নং ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূচি দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়তো। তার বাবা ফাইজুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক।

স্থানীয় লোকজন জানান, যে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচি নামের মেয়েটিকে চাপা দিয়েছে সেটি একটি নাটকের শ্যুটিং ইউনিটের।

দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম জানান, সকালে পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল সূচি। রাস্তা পার হওয়ার সময় নাটকের শ্যুটিং ইউনিটের একটি মাইক্রোবাস সূচিকে চাপা দেয়। এতে তার মাথা থেতলে যায়। রক্তাক্ত অবস্থায় সূচিকে দ্রুত উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বুরজাহান জানান, রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ১০ নম্বর ব্রিজের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার গাড়িটি ছিল শ্যুটিংয়ের মাইক্রোবাস। মাইক্রোবাসটি জনতার সাহায্যে আটক করা হয়েছে। মাইক্রোবাসে মোবাইলফোন ও কাগজপত্র রেখেই পালিয়ে গেছে মাইক্রোবাসের যাত্রীরা।

তিনি জানান, মাইক্রোবাসটি আটক করা হলেও ড্রাইভারকে পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed