Main Menu

গাজীপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত জানান, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় মৃত মঞ্জু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মোবাইল ও স্বর্ণলঙ্কার লুট করে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মঞ্জু মিয়ার স্ত্রী ও দুই মেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে।

পরে এলাকায় মাইকিং করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই ডাকাতকে আটক করে। এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed