Main Menu

জামিন পেলেন নাজমুল হুদা

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতির মামলায় চার বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা।

একই সঙ্গে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাজমুল হুদাকে জামিন দেওয়া হয়েছে।

হাইকোর্টের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে নাজমুল হুদার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে সোমবার (২১ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আপিল বিভাগের এই আদেশের ফলে কারাগারে থাকা নাজমুল হুদার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আজ আদালতে নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ, মুনসুরুল হক চৌধুরী, সিগমা হুদা ও আশানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে সিগমা হুদা বলেন, নাজমুল হুদার করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন আদালত। তাঁকে আদালত জামিন দিয়েছেন। তাঁর জরিমানা স্থগিত করেছেন। তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

আত্মসমর্পণ করার পর গত ৬ জানুয়ারি নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ-২ আদালতের বিচারক। এদিন আদালত নাজমুল হুদার জামিনের আবেদন নাকচ করেন। পরে নাজমুল হুদাকে কারাগারে নেওয়া হয়।

২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এই মামলায় নাজমুল হুদাকে সাত বছরের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। ২০১৭ সালে তাঁর সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।

Share





Related News

Comments are Closed