Main Menu

সরকার সবার জন্য কাজ করবে: প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকার দলীয় সম্পৃক্ততা নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ সংসদ নির্বাচনে অর্জিত বিশাল জয় উদযাপনে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

ভবিষ্যত প্রজন্মের জন্য বর্তমানকে উৎসর্গ করার প্রতি জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি তাদের এক সুন্দর সমাজ উপহার দেবেন।

সেই সাথে তিনি বাংলাদেশকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা চান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ২০৭১ সালে যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে তখন তা হবে বিশ্বের মাঝে এক উন্নত ও সমৃদ্ধ দেশ।

দেশের জনগণ তার প্রতি যে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসের মর্যাদা তিনি রক্ত দিয়ে হলেও রাখবেন বলে প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান।

এছাড়া, তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে এবং অবাধ নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

নির্বাচনে অংশ নেয়া সব রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ সংসদ নির্বাচনে ২৫৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৯৯ আসনের মধ্যে জয়লাভ করে ২৮৮ আসনে। জোট সঙ্গী জাতীয় পার্টি পায় ২২টি আসন।

Share





Related News

Comments are Closed