Main Menu

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের হামলা, আহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: এক ছাত্রলীগ নেতাকে ‘অনৈতিক কাজে’ বাধা দেওয়ার জেরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে হামলা চালিয়েছে সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সশস্ত্র অবস্থায় কলেজে হামলা চালিয়ে তারা ভাংচুর চালায় ও চার শিক্ষার্থীকে আহত করে।

হামলায় আহত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ফাহিম, মিনহাজ, রাহুল ও ইমরানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে সিলেট ইঞ্জানিয়ারিং কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, শুক্ররবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ নেতা নাঈম তার দুই বন্ধু ও একটি মেয়েকে নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের পাশের টিলায় ঘুরতে আসেন। এসময় সেখানে ওই মেয়েকে নিয়ে তারা ‘অনৈতিক’ কাজে লিপ্ত হলে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের বাঁধা দেন। এসময় ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন শিক্ষার্থী নাঈমকে ধরে কলেজের ভিতর আটকে রাখেন। কিছুক্ষণ পর সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতা নাঈমকে ছাড়িয়ে নিয়ে যান।

এই ঘটনার জের ধরে বিকালে নাঈম ও তার সহযোগীরা ২টি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরবাইক নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে সশস্ত্র হামলা চালায়। তারা কলেজ গেটের ভিতরে প্রবেশ করে বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোঁড়ে। এতে কলেজের চার শিক্ষার্থী আহত হন।

এসময় হামলাকারীরা ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন কয়েকটি দোকান ও অটোরিকশা ভাংচুর করে।

ইঞ্জিনিয়ারিং কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী জাহিদ জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করেই বেশ কয়েকজন বহিরাগত কলেজ গেটের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তাৎক্ষণিকভাবে আমরা কিছু বুঝে উঠতে পারিনি। পরে আমরা জানতে পারি দুপুরের ঘটনার সূত্র ধরেই এ হামলা চালানো হয়েছে।

হামলার পর ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

খবর পেয়ে শাহপরাণ (র.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহপরান থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed