Main Menu

শিশু সন্তান ধর্ষণকারীদের ফাঁসির দাবি পরিবারের

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে ৭ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে পাশবিক নির্যাতনকারী সকল অপরাধীর গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন শিশুটির বাবা-মা ও এলাকাবাসী। শনিবার (১২ জানুয়ারি) বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মা লিখিত বক্তব্যে বলেন, তার ১৩ বছরের মেয়ে উপজেলার শিওরখাল মহিলা মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ২২ নভেম্বর সন্ধ্যায় বসতঘরের বারান্দা থেকে মুখে চেপে জোরপূর্বক তুলে নিয়ে এলাকার চিহ্নিত অপরাধী আব্দুল আহাদ (২৫) ও আজই মিয়াসহ (৩২) আরও অন্তত ৪ জন মিলে শিশুটিকে গণধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রক্তাক্ত শরীরে অজ্ঞান অবস্থায় মেয়েকে উদ্ধার করেন। মেয়ের জ্ঞান ফিরে আসলে তার ওপর নির্যাতনকারী আব্দুল আহাদ, আজই মিয়াকে চিনতে পারার কথা উপস্থিত লোকজনের কাছে প্রকাশ করে। রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষানিরীক্ষায় গণধর্ষণের বিষয়টি প্রতীয়মান হয়।
এ ঘটনার পরদিন ২৩ নভেম্বর ধর্ষিত শিশুর বাবা বাদি হয়ে আব্দুল আহাদ ও আজই মিয়ার নামোল্লেখ করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে বালাগঞ্জ থানায় মামলা (নং৮(১১)১৮) দায়ের করেন। পরবর্তীতে পুলিশী অভিযানে গত ২৪ নভেম্বর আব্দুল আহাদ ও আজই মিয়াকে গ্রেফতার করা হয়। কিন্তু ঘটনার প্রায় দুই মাস অতিবাহিত হলেও জড়িত অন্য আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
লিখিত বক্তব্যে বলা হয়, এ ঘটনায় ইতোমধ্যে বালাগঞ্জের মাদরাসা বাজার, মোরারবাজার, জনকল্যাণ বাজার, আজিজপুর বাজারসহ বিভিন্নস্থানে সভা-সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এমনকি যুক্তরাজ্যেও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পালিত এসব কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ঘটনার পর বিশেষ করে যুক্তরাজ্যে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মানবাধিকার কর্মী আকলিমা বিবিসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ বক্তৃতা করেন এবং জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এছাড়াও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ন্যক্কারজনক এ ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে চিকিৎসাধিন ভিকটিমকে দেখতে যান। তিনিও এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। স্থানীয় সংসদ সদস্যও এ বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।
পাশাপাশি এমন্যাষ্টি ইণ্টারন্যাশনাল ইউকে’র হিউম্যান রাইটস স্পীকার ও হিউম্যান রাইটস ল’ইয়ার আকলিমা বিবির বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজুয়ান আলী কয়েছ নির্যাতিত শিশুকন্যার শারীরিক অবস্থা, দায়েরকৃত মামলার অগ্রগতিসহ অন্যান্য বিষয়ে ভিকটিমের পরিবার, এলাকাবাসী এবং মামলার তদন্ত কর্মকর্তা বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।
তাদের অভিযোগ, এতো আন্দোলন ও বিভিন্ন মহলের পরও আসামিরা গ্রেফতার হচ্ছে না। মামলার দুই আসামীকে গ্রেফতার করা হলেও জড়িত অন্য অপরাধীদের রহস্যজনক কারণে গ্রেফতার করা হচ্ছে না।
ফলে মামলার যথাযথ তদন্ত এবং ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার স্বার্থে সকল মহলের সহযোগীতা চেয়েছেন ভিকটিমের বাবা-মা। তারা তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় শিশুকন্যাটির পড়ালেখা বন্ধ রয়েছে। তাদের মেয়ের মত আর কারোও শিশুকন্যা যেন পাশবিকতার শিকার না হয়, এ জন্য প্রশাসনের উর্ধ্বতন সকলের সহায়তায় অপরাধীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ভিকটিমের বাবা-মা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code