Main Menu

জাতীয় ঐক্যফ্রন্টে জিতলেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য অনুষ্ঠিত আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত-সমর্থিত ৮ প্রার্থী জয় লাভ করেছে। নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ৬ জন, গণফোরামের সূর্য প্রতীক নিয়ে একজন এবং বিএনপি সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

বগুড়া-৬ আসন থেকে ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৮ হাজার ৯৬১ ভোট।

বগুড়া-৪ আসনে ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে জিতেছেন ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী মহাজোট থেকে জাসদ (ইনু) এর রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট।

বগুড়া-৭ আসনে ১ লাখ ৮৯ হাজার ০৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) রেজাউল করিম বাবলু। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ডাব) ফেরদৌস আরা খান মিনু পেয়েছেন ৬৪ হাজার ২৯২ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৫৯টি কেন্দ্রের সব কয়টিতে জিতেছেন বিএনপিরর মো. আমিনুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মু. জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ১৫০ কেন্দ্রের সবগুলোতেই জিতেছেন বিএনপির প্রার্থী মো. হারুন উর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে ৮৮ হাজার ৬১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদুর রহমান জাহিদ। মোটরগাড়ী প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুল হক পেয়েছেন ৮৪ হাজার ৪২৭ ভোট।

মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের শরিক যুক্তফ্রন্টের প্রধান দল বিকল্প ধারার প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

সিলেট-২ আসনে গণফোরামের নিজস্ব প্রতীক ‘উদিয়মান সূর্য’ নিয়ে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের মুহিবুর রহমান।

Share





Related News

Comments are Closed