হামলায় বিএনপি প্রার্থীর স্ত্রী আইসিইউতে
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী, কারাবন্দি ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের ওপর আবারও সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় শম্পা হকসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে শম্পা হককে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে চারজনই মহিলা।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে কালিগঞ্জ থানার মূল ফটকে আওয়ামী লীগ এ হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ বিএনপির।
ফজলুল হক মিলনের পিএস স্বপন জানান, হামলাকারীরা নির্বাচনী কাজে নিয়োজিত দুটি গাড়িও ভাঙচুর করেছে। থানা ফটকে এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এ সময় পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আহত শম্পা হকের এক আত্মীয় সাংবাদিকদের জানান, ‘সোমবার দুপুরের দিকে দুটি গাড়ি নিয়ে কয়েকজন নারী ও পুরুষকর্মী নিয়ে কালিগঞ্জ থানায় ফজলুল হকের একটি বন্দুক জমা দিতে বতুর্লের নিজ বাড়ি থেকে রওনা হয় শম্পা হক। শম্পা হক সকালে যেতে চাইলে কালিগঞ্জ থানার ওসি শম্পা হককে দুপুরের পর যেতে বলে। পরে শম্পা হক দুপুরে কালিগঞ্জ থানার মূল ফটকে গিয়ে পৌঁছলে সেখানে আগ থেকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করা সরকারদলীয় কর্মীরা গাড়িতে অতর্কিত হামলা চালায়।’
তিনি জানান, হামলাকারীরা শম্পা হকসহ কর্মীদের গাড়ি থেকে টেনেহেঁচড়ে নামিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। লাঠির আঘাতে শম্পা হকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে শম্পা হক মাটিতে লুটিয়ে পড়ে।
হামলাকারীরা নির্বাচনী কাজে নিয়োজিত দুটি গাড়িও ব্যাপক ভাঙচুর করে। এ সময় ভাঙচুর ও হামলার স্থির চিত্রধারণের সময় শামীম আহাম্মেদ নামে স্থানীয় একজন সাংবাদিককেও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে।
এর আগেও গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে বিভিন্ন সময়ে নির্বাচনী প্রচার চালানোর সময় শম্পা হকের ওপর আরও কয়েক বার হামলার ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনার পর পুলিশ উল্টো নাগরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল শেখ ওসমান ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামান মিয়াকে আটক করেছে বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর মিয়া জানান, ‘হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। শম্পা হক এজমা ও হার্টের রোগী। থানায় এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে তিনি নিজেই অ্যাম্বুলেন্স ডেকে ঢাকায় যান।’
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed