Main Menu

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়: শেখ হাসিনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।’

শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলা ২টা ৬মিনিটে এ জনসভা শুরু হয়। প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করেন ৪টা ৫ মিনিটে।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি করে দেশের সুনাম ক্ষুন্ন করেছে। প্রধানমন্ত্রী বলেন, এতিম খানার টাকা দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাভোগ করছেন। বিএনপি মানুষ পুড়িয়ে মারতে পারে। ২০১৪ সালে আন্দোলনের নামে মানুষ মেরেছে।’

শেখ হাসিনা বলেন, ‘সিলেটসহ সারাদেশে বিএনপি-জামায়াত সরকার কত মানুষকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে তার হিসেব নেই। তারা বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের মান-সম্মান সব ধুলিস্যাৎ করেছে, মাটিতে মিশিয়ে দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বছরই জানুয়ারিতে সিলেট এসেছিলাম। নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। আবারও বিজয়ের মাসে এসেছি। যাদেরকে আমরা প্রার্থী দিয়েছি তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে।’

শেখ হাসিনা বলেন, ‘আল্লাহ দিন দিলে সাজাপ্রাপ্ত আসামীকে ধরে এনে বিচার কার্যকর করবো।’

সমাবেশে শেখ হাসিনা বলেন- সিলেটে আমরা ইকোনমিক জোন প্রতিষ্ঠা করেছি, মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, নির্বাচিত হলেই যার কাজ শুরু হবে। এছাড়া সিলেটে চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, চা শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। এসব উন্নয়নের চাকা সচল রাখতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করার আহবান জানান তিনি।

‘জনসভায় সিলেট বিভাগের ১৯টি আসনের মহাজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে মহাজোটের এই ১৯ প্রার্থীতে নির্বাচিত করার আহবান জানান।

জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে বিশ্রাম নেন। বেলা ৩ টা ১২ মিনিটে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা স্থলে পৌঁছান।

এদিকে জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন। তাদের ‘নৌকা-নৌকা’ স্লোগানে মুখর ছিল সিলেটের রাজপথ।

এর আগে দুপুর ২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মিসবাহ উদ্দিন সিরাজ, গবেষণা ও তথ্য সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

Share





Related News

Comments are Closed