Main Menu

স্কুলের ফ্লোর ধ্বসে শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত

হবিগঞ্জ প্রতিনিধি: নির্মাণকাজে অনিয়মের ফলে সদ্য নির্মিত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ফ্লোর ধ্বসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ২০ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে হবিগঞ্জের লাখাই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লাখাই উপজেলার সুজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২/৩ বছর পূর্বে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। সোমবার বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য প্রধান শিক্ষকসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের বারান্দায় অপেক্ষা করছিল। এ সময় আকস্মিকভাবে বারান্দার ফ্লোর ধ্বসে পড়ে। এতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরসহ ছাত্র-ছাত্রীরা আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ জানান, কয়েক বছর পূর্বে লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ভবনের বারান্দার নীচের মাটি সরে যায়। ফলে এ অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটেছে।

আহত প্রধান শিক্ষক আবু তাহের জানান, আমরা প্রতিদিনের মত আজও স্কুলের কার্যক্রম শুরু করি। ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা বারান্দায় আসলে হঠাৎ করে বারান্দার পাকা অংশ ধ্বসে পড়ে যায়। এ সময় আমিসহ ২০ জন শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।

লাখাই থানার (ওসি) এমরান হোসেন জানান, আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কারো অবস্থায়ই আশংকাজনক নয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যালয় ভবনটি নির্মাণে ব্যাপক অনিয়মের ফলে এমনটি হতে পারে।

Share





Related News

Comments are Closed