Main Menu

সুস্থ হয়ে গোলাপগঞ্জে প্রচারণায় জাফরুল্লাহ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবার পর সুস্থ হয়ে আবারো ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন ঐক্যফ্রন্ট নেতা এবং গণস্বাস্থের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রচার সেলের সমন্বয়ক সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জাফরুল্লাহ স্যারকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তিনি বর্তমানে অনেকটা সুস্থ বোধ করায় সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গোলাপগঞ্জে চলে গেছেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান ডা. জাফরুল্লাহ। এসময় নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। পরে তাকে পপুলার হাসপাতালের নেওয়া হয়। সেখানে অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হয়।

প্রচারণার সময় ডা. জাফরুল্লাহ ছাড়াও জেএসডির সভাপতি আসম রব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী আবদুল মোক্তাদির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু হয়। এজন্য ড. কামাল হোসেনসহ র্শীর্ষ ৫ নেতা সিলেট আসেন। তবে রাতেই কামাল হোসেন ঢাকা ফিরে যান।

Share





Related News

Comments are Closed