Main Menu

ফরিদপুরে আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মঙ্গলবার রাতে ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি বিএনপি-জামায়াতের কর্মীরা তাদের হত্যা করেছে। তবে বিএনপি নেতাদের দাবি, ব্যক্তিগত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোয়ালডাঙ্গি এলাকায় রাত ৮টার দিকে একটি চায়ের দোকানে একাদশ জাতীয় নির্বাচন ও প্রধানমন্ত্রী প্রসঙ্গে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ আল মামুন (৪০)। তাকে প্রথমে কিল ঘুষি ও পরে দোকানের ঝাপের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ আল মামুন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কর্মী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী এলাকার একটি চায়ের দোকানে আওয়ামী লীগ নেতা ইউসুফের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থক মজিদ ও আজিজের সংসদ নির্বাচন ও প্রধানমন্ত্রী প্রসঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ইউসুফফে তারা প্রথমে কিল-ঘুষি মারে। পরে দোকানের ঝাপের লাঠি দিয়ে আঘাত করলে ইউসুফ মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন ফকির গুরুতর আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নর্থচ্যানেল ইউনিয়নের বিএনপির সভাপতি জমিরউদ্দিন হাজি এ বিষয়ে বলেন, ‘নিহত ইউসুফ ও আজিজ দুজনই সমবয়সী। তারা একই সঙ্গে চলাফেরা করে। চা খেতে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আঘাত করলে মৃত্যুর ঘটনা ঘটে। এটা ব্যক্তিগত বিরোধ, দলীয় রাজনীতির বিষয় নয়। ’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এই ঘটনা ঘটেছে বলে শুনেছি। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share





Related News

Comments are Closed