Main Menu

শাবিপ্রবির ছাত্রদের শাহপরান হলে চুরি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে চুরির ঘটনা ঘটেছে। ছাত্রীদের দুটি হলে চুরির পর এবার ছাত্রদের শাহপরান হলের ডাইনিংয়ের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার মধ্যরাতে ভাত রান্না করার তিনটি বড় ডেক চুরি হয়েছে বলে জানান শাহপরান হল ডাইনিং পরিচালক অনিল চন্দ্র দাস।

ডাইনিং পরিচালক অনিল চন্দ্র দাস বলেন, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। রাতে খাবার শেষে আমরা ডাইনিং বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি বাজারে যাই। এসময় চোর ডাইনিংয়ের পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ডাইনিংয়ের ভিতরে প্রবেশ করে এবং পিছনের দরজা খুলে বড় বড় তিনটি ভাত রান্নার ডেক এবং রান্নার চাউল নিয়ে যায়। এই তিনটি ডেক অনেক পুরাতন যা বিশ্ববিদ্যালয়ের হল প্রতিষ্ঠার পরপরই ক্রয় করা হয়েছিল এবং পিতলের এই ডেকগুলোর দাম লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসাইন বলেন, ‘চুরির বিষয়টি জানার পরপরই জালালাবাদ থানায় অফিসিয়ালি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তদন্ত করে তারা দ্রুত ব্যবস্থা নিবে।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ছাত্রীদের সৈয়দ সিরাজুন্নেসা হলের ছাদের গ্রিল কেটে ছাত্রীদের কক্ষ থেকে চারটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন চুরি হয়েছিল। পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর ভোরে জানালার গ্রীল কেটে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের ডি ব্লকের ১৩২ নম্বর রুম থেকে দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এদিকে হলের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে জানালার গ্রিল কেটে চোরদের বারবার হলে প্রবেশের এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে আবাসিক ছাত্র-ছাত্রীদের মাঝে।

Share





Related News

Comments are Closed