Main Menu

কোম্পানীগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাত দলের ছুরিকাঘাতে শুকুর মিয়া (৩২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নয়াগাংগেরপার গ্রামের ইব্রাহীম আলীর পুত্র। তিনি মাশাল্লাহ স্টোন ক্রাশারের (টমটম) স্বত্তাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে শুকুর আলী নিজ গ্রাম থেকে মোটর সাইকেলযোগে ভোলাগঞ্জ ১০ নম্বরে যাচ্ছিলেন। পথে ধলাই ব্রীজ সংলগ্ন এলাকায় পাড়ুয়া গ্রামের হাবিব মিয়ার লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শুকুর নিজেও আগে ডাকাতি করতেন এবং তার নামে থানায় ডাকাতির মামলাও রয়েছে। তবে সম্প্রতি সে ডাকাতি ছেড়ে পাথর শ্রমিক হিসেবে কাজ শুরু করে।

তিনি আরো জানান, সপ্তাহখানেক আগে তার দেয়া তথ্যের ভিত্তিতে কোম্পানিগঞ্জ থানা পুলিশ ডাকাত সর্দারসহ একই দলের তিন সদস্যকে আটক করে। পরে জামিনে ছাড়া পেয়ে তারা শুকুররে ফের ডাকাতি করতে বললে সে তাতে অস্বীকৃতি জানায়। এর জের ধরে বুধবার সকালে শুকুরকে একা পেয়ে পারুয়া এলাকায় দেশীয় অস্ত্র (ছুঁড়ি) নিয়ে তার ওপর হামলা চালায় ডাকাত দলের অন্যান্য সদস্যরা।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে কোম্পানিগঞ্জ থানা পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Share





Related News

Comments are Closed