Main Menu

নিউ ইয়র্কে ডাকাতদের গুলিতে সিলেটের যুবক নিহত

প্রবাস ডেস্ক: নিউইয়র্কে এক মুদি দোকান থেকে টাকা লুট করার সময় বাধা দেয়ায় ডাকাতদের গুলিতে মোহাম্মদ রাসেল আহমেদ (৩০) নামে এক সিলেটের যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ নভেম্বর) রাতে বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার বনফুল সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বনফুল ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তিন দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে ওই ডাকাতিতে অংশ নেয়। পুলিশের ‘ব্যাজ’ দেখিয়ে তারা বলে, দোকানে জাল টাকা আছে বলে তারা খবর পেয়েছে। এক পর্যায়ে তাদের একজন দোকানের ক্যাশ থেকে প্রায় দুই হাজার ডলার তুলে নেয়।

ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাসেল তাদের পিছু ধাওয়া করেন। একপর্যায়ে এক ডাকাত পিস্তল থেকে গুলি ছুড়লে রাসেলের পায়ে লাগে। এর পর তিন ডাকাত একটি ভ্যানে চলে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়।

ওই দোকানের কর্মচারী আব্দুল কুদ্দুস পুলিশকে বলেছেন, ক্যাশ থেকে টাকা নেয়ার সময় তিনি বুঝতে পারেন যে ওরা পুলিশ নয়, ডাকাত। কিন্তু তাদের হাতে পিস্তল দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। দোকান মালিক ফারুক আহমেদের শ্যালক রাসেল তখন ভেতরেই ছিলেন।

বনফুল সুপার মার্কেটের মালিক ফারুক বলেন, “পুলিশ সিসিটিভি দেখে তদন্ত করছে। আশা করছি ডাকাতরা ধরা পড়বে।”

রাসেলের ভাবি শাহানা বেগম বলেন, “ও ঘুণাক্ষরেও ভাবেনি যে ডাকাতরা ওকে মেরে ফেলার চেষ্টা করতে পারে।”

পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটের ছেলে রাসেল আগে থাকতেন কুইন্সের জ্যামাইকায়। সাত মাসে আগে তিনি সস্ত্রীক জ্যামাইকা থেকে এস্টোরিয়ায় চলে আসেন তার এক আত্মীয়ের দোকানে।

Share





Related News

Comments are Closed