Main Menu

আরেফিন টিলায় গর্ত ধসে শ্রমিক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা কেটে অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে সোনাই মিয়া ওরফে সুনু (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুনু নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার সাতগাঁও গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। রোববার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে স্থানীয় জালিয়ারপাড় গ্রামের হুসিয়ার আলী, ইসমাইল আলী গংদের গর্তে চাপা পড়েন তিন শ্রমিক। এতে দুই জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। একজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে গর্ত মালিকসহ সংশ্লিষ্টরা পলাতক রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আহত দুইজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের পাঠানো হয়েছে সেখানেও লোক পাঠিয়েছি। তবে তাদের পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং গর্তের মালিকের নামে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত ১ নভেম্বর গর্ত ধসে ফরিদ মিয়া নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গর্ত মালিক দেলোয়ার চৌধুরী, মামুন চৌধুরী এবং হাসনু চৌধুরীর নামে মামলা দায়ের করেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এর আগে গত বছরের ২৩ জানুয়ারি এই শাহ আরেফিন টিলা ধসেই ৫ জন, ১ ও ১১ ফেব্রুয়ারি একই টিলা ধসে ২ জন, ২ ও ৬ মার্চ, ২০ জুলাই এবং ২৬ অক্টোবর আরো ৪ জন মারা যান।

 

 

Share





Related News

Comments are Closed