Main Menu

হবিগঞ্জের লিয়াকত ও আমিনুলের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দুই আসামির বিরুদ্ধে গণহত্যা, লুটপাটসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগের বিচারকাজ শেষ করে আদালত এ রায় প্রদান করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত ও রেজিয়া সুলতানা চমন এবং আসামিপক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম।

রোববার (০৪ অক্টোবর) এ মামলার রায়ের এ তারিখ ঠিক করে দেন ট্রাইব্যুনাল।

এর আগে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল গত ১৬ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

২০১৫ সালের ২৭ ডিসেম্বর মামলার তদন্ত শেষ করার পর তা চূড়ান্তভাবে প্রকাশ করেন তদন্ত সংস্থা। এরপর ১৮ মে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।

এই দু’জনের বিরুদ্ধে একাত্তরে হবিগঞ্জের লাখাই থানা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ মামলার তদন্ত করেছেন মো. নূর হোসেন।

দুই রাজাকারের পরিচয় :

১৯৭১ সালে লিয়াকত আলী ব্রাহ্মণবাড়িয়া কলেজের ছাত্র ছিলেন। যুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সদস্য হিসেবে ফান্দাউক ইউনিয়নে রাজাকারের দায়িত্বে ছিলেন। স্বাধীনতার পরে এসে তিনি লাখাই থানা আওয়ামী লীগের সভাপতিও হয়েছিলেন।

অন্যদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আলীনগরর গ্রামের রজব আলী ভৈরব হাজী হাসতম আলী কলেজে একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় ইসলামী ছাত্র সংঘের কলেজ শাখার সভাপতি ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভৈরবে পাকিস্তানি সেনা ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে রজব আলী এলাকায় আল বদর বাহিনী গঠন করেন। স্বাধীনের পর ১৯৭২ সালে তার বিরুদ্ধে দালাল আইনে তিনটি মামলা হয় এবং ওইসব মামলার বিচারে তার যাবজ্জীবন সাজা হয়।

১৯৮১ সালে রজব ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এরপর তিনি ‘আমি আল বদর বলছি’ নামে একটি বই প্রকাশ করেন।

সাত অভিযোগ :

এক. ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর লিয়াকত ও রজব রাজাকার এবং পাকিস্তানি সেনাদের নিয়ে লাখাই থানার কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে গণহত্যা ও লুটপাট চালিয়ে কৃষ্ণপুর গ্রামে নৃপেন রায়ের বাড়িতে রাধিকা মোহন রায় ও সুনীল শর্মাসহ ১৫ জন জ্ঞাত ও ২৮ জন অজ্ঞাত হিন্দু সম্প্রদায়ের লোকদের গুলি করে হত্যা করেন।

দুই ও তিন. একই এলাকার চণ্ডিপুর ও গদাইনগর গ্রামে গণহত্যা ও লুটপাট করেছেন তারা।
চার. অষ্টগ্রাম থানার সদানগর গ্রামে শ্মশানঘাটে হত্যাকাণ্ড চালান তারা।

পাঁচ. ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ফান্দাউক গ্রামের বাচ্চু মিয়াকে অপহরণ এবং রঙ্গু মিয়াকে অপহরণ ও হত্যা করেছেন তারা।

ছয় ও সাত. অষ্টগ্রাম থানার সাবিয়ানগর গ্রামে চৌধুরী বাড়িতে হত্যা ও সপ্তম অভিযোগে সাবিয়ানগর গ্রামে খাঁ বাড়িতে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Share





Related News

Comments are Closed