Main Menu

খোলা আকাশের নীচে জুম্মার নামাজ আদায়

সুনামগঞ্জ প্রতিনিধি: আগুনে পুড়ে ছাইভস্ম হওয়ার পর খোলা আকাশের নীচে শুক্রবার জুম্মার নামাজ আদায় করলেন সুনামগঞ্জের পূর্ব সুলতানপুর জামে মসজিদের মুসল্লীয়ানরা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ মসজিদটি পরিদর্শন করেছেন পৌর মেয়র নাদের বখতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত ৩১ অক্টোবর বুধবার রাত পৌনে ৭টায় সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব সুলতানপুর জামে মসজিদের মিম্বরের কাছে থাকা বিদ্যুৎ মিটারের বক্সে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় মসজিদে থাকা মূল্যবান কিতাবাদি,মিম্বর সামগ্রী, প্রয়োজনীয় আসবাবপত্র, ইলেক্ট্রিক ফ্যান, চালের উপর থাকা সকল ঢেউটিনসহ মসজিদের যাবতীয় জিনিসপত্র।

খবর পেয়ে সদর থানার ওসি মোঃ শহীদুল্লাহ তাৎক্ষনিকভাবে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজনকে অবহিত করলে সহকারী পরিচালক জাভেদ হোসেন মোঃ তারেক এর নেতৃত্বে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকজন অগ্নিনির্বাপক গাড়ি সহকারে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

পূর্ব সুলতানপুর জামে মসজিদ কমিটির মুতওয়াল্লি আব্দুল কদ্দুছ, সাধারন সম্পাদক সামসুল হক সোহেল, ক্যাশিয়ার সৈয়দ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, বাউল মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়্যুম, পূর্ব সুলতানপুর নিবাসী সাংবাদিক আল-হেলাল, সাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ও সাবেক মুতওয়াল্লী রফিকুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে একেবারে ছাই ভস্ম হয়ে গেছে আমাদের একমাত্র জামে মসজিদটি। যদি ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো না আসতো তাহলে আগুনের লেলিহান শিখা সারা মহল্লাকে পুড়ে ছারখার করে দিত। তারা পূর্ব সুলতানপুর জামে মসজিদকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পৌরসভার মেয়র ও বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed