Main Menu

ওসমানী থেকে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইশা আক্তার নামের ১১ মাসের এক শিশু চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১ অষ্টোবর) রাতে নগরীতে পৃথক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং শিশু মাইশাকে উদ্ধার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাদশা মিয়া (২৫), ফারজানা আক্তার সাখী (২২) ও শিউলী বেগম (২২)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, অপহৃত মাইশা মোগলাবাজার থানার নৈখাই গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার মেয়ে। তাকে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার বহির্বিভাগ থেকে অপহরণ করা হয়। পরবর্তীতে মাইশার মা মোছাম্মৎ সুমি বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেটের শাহপরান থানার হাতিমবাগ এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়া ও ফারজানা আক্তার সখীকে গ্রেপ্তার করা হয়। একই বাসা থেকে অপহৃত মাইশাকে উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যমতে নগরীর লালদিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে শিউলী বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ওসমানী হাসপাতাল থেকে মাইশাকে অপহরণ করে শিউলী বেগম। পরে বাদশা মিয়া ও সখীর কাছে মাইশাকে বিক্রি করে দেয় তিনহাজার টাকায়।

Share





Related News

Comments are Closed