Main Menu

কেসিসির নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক দায়িত্ব নিয়েছেন।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩টায় কেসিসি’র শহীদ আলতাফ হোসেন মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় তিনি বিদায়ী মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সমালোচনা করে বলেন, ‘আজ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না হয়ে তিনি ভুল করেছেন। বিগত দিনে সিটি করপোরেশনের সকল আয় ব্যয়ের হিসাব নেয়া হবে। সেখানে অনিয়ম পাওয়া গেলে মেয়র কাউন্সিলর যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী মেয়র মনিরুজ্জামান উপস্থিত থাকলে ‘এতো কঠোর’ হতেন না বলে জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র তালুকদার খালেক।

নগরীর জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে খালেক বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য যে টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন সেই টাকা দিয়ে প্রথমেই আটটি খাল দখলমুক্ত করা হবে। এক্ষেত্রে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি কোনো স্বর্ণের বাড়িও থাকে তা ভেঙে গুড়িয়ে দেয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেএমপি কমিশনার হুমায়ুন কবীর, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ মে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রায় ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে কেসিসির মেয়র নির্বাচিত হন। গত ৫ জুলাই কেসিসির নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান। আর স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সিটির নবনির্বাচিত ৪১ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

এদিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছেন বিদায়ী মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও বিএনপিপন্থি নবনির্বাচিত কাউন্সিলররা। মঙ্গলবার বিকেল ৩টায় বিদায়ী মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের কাছ থেকে নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু বিএনপিপন্থি বিদায়ী মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত হননি। তবে, বিএনপি থেকে বহিস্কৃত নবনির্বাচিত কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস ও শেখ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক তারিকুল ইসলাম বলেন, কেসিসির নবনির্বাচিত মেয়রের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন বিদায়ী মেয়র ও বিএনপি সমর্থিত ১১জন কাউন্সিলর। দুপুরে মহানগর বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভোট ডাকাতির নির্বাচনে বিজয়ী হওয়ায় মেয়রের দায়িত্বগ্রহন অনুষ্ঠান বর্জন করা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সভায় বিদায়ী মেয়র মনিরুজ্জামানসহ বিএনপিপন্থি নবনির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন বলে জানান তারিকুল।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভোট ডাকাতির নির্বাচনে নির্বাচিত হওয়ার অভিযোগে বিএনপি এ অনুষ্ঠান বর্জন করেছে।

জানা গেছে, বিদায়ী মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল সোমবার কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

Share





Related News

Comments are Closed