Main Menu

ওসমানী বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিজি ইএ-২২৮ বিমানের সিটের নিচ থেকে ৪০ট স্বর্ণের বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন এপিবিএন পুলিশের পরিদর্শক কোহিনূর আহমদ ও এএসআই খালেদ মিয়া।
এ ঘটনায় জাহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া এলাকার বাসিন্দা। স্বর্ণের বার অবৈধভাবে নিয়ে আসার দায়ে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন কাস্টমস গোয়েন্দারা।

সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ বিজি ইএ-২২৮ এর বিমানের ১০/অ নং সিটের নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায়। পরে তার পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার (জাহিদ) নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে। জাহিদ মিয়া গত এক মাসে সিলেট-দুবাই রুটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেন বলে জানান তিনি।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হক জানান, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ( বিজি-২২৮) একটি ফ্লাইট বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানের ১০ এ নম্বর সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেন। এ সময় বিমানের গ্রীণ চ্যানেল এলাকা থেকে ওই সিটে অবস্থানকারী সিলেট নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা জাহিদ মিয়াকে আটক করা হয়।

এর আগে গত ১৩ আগষ্ট সিলেট ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ সুলতানা ইয়াসমিন নামে এক নারীকে আটক করেছিল শুল্ক গোয়েন্দারা। আটকের পর ওই নারীর জুতা ও পেটের ভেতর থেকে প্রায় পৌনে তিন কেজি পরিমান স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে জানা গেছে।

আটক সুলতানা ইয়াসমিন ঢাকার মিরপুর এলাকার মৃত মোশারফ হোসেনের মেয়ে। তিনি এদিন বিকেলে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের শুল্কগোয়েন্দারা জানান, হাঁটাচলার সময় সন্দেহ হলে সুলতানা ইয়াসমিনকে তল্লাশী চালান শুল্ক গোয়েন্দারা। প্রথমে তাঁর হিল জুতার ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এরপর পেটের ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed