Main Menu

সালমান শাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে অনন্তলোকে পাড়ি জমান তিনি। বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।

এই অভিনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। খুব তরুণ বয়সে পরপারে পাড়ি জমানো এই অভিনেতার মৃত্যুর রহস্য এখনো উন্মোচিত হয়নি।

টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়।
একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।

তাঁর অভিনীত ছবিগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু,বুকের ভেতর আগুন।

বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষণজন্মা কিংবদন্তি এই নায়ক ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে।

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন। কিন্তু সিনেমাপ্রেমীদের হৃদয়ে তিনি এখনও এভারগ্রিন ওয়ান্ডারবয় সালমান শাহ।

সালমান শাহ’র ‍মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি (বিএফএএ) আসর নামাজের পর দোয়া ও কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে বলে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ইউএনবিকে জানিয়েছেন।

বৈশাখী টেলভিশন নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টা ১০ মিনিটে ‘মিউজক্যাল অ্যালবাম’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া সোয়া ১টায় ‘এবং সিনেমার গান’ নামে একটি সংগীত অনুষ্ঠানও থাকছে।

সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ এবং ‘বিচার হবে’ ছবি দুটি যথাক্রমে বেলা পৌনে ৩টা এবং রাত ১২টায় প্রচার করা হবে।

 

Share





Related News

Comments are Closed