Main Menu

ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি সচিব

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আর সে অনুযায়ী নির্বাচনী সব প্রস্তুতিও কমিশন গ্রহণ করছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

কমিশন সচিব বলেন, ‘নির্বাচন ডিসেম্বরেই হবে। কারণ জানুয়ারিতে স্কুল-কলেজ খোলা থাকে। নতুন বছর। শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি হতে পারে। ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটি থাকে। জাতীয় নির্বাচনের জন্য সে সময়টিই ভালো। ফলে জানুয়ারিতে নির্বাচনের কোনও সম্ভাবনা নেই।’

নির্বাচনকে ঘিরে এরই মধ্যে কমিশন ৮০ ভাগের বেশি কাজ সম্পন্ন করেছে বলে জানান হেলালুদ্দীন আহমদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা আছে ইসির জানিয়ে তিনি আরও বলেন, ‘সে লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে ইসি।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামতসহ সবকিছু ঠিক থাকলে সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইসির ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা থাকবে।’

হেলালুদ্দীন বলেন, ‘তবে ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরূপ আইন দরকার। ৩০ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর সেটা ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য আইন মন্ত্রণালয়ে যাবে।’

ইভিএম সংক্রান্ত আইন প্রসঙ্গে কমিশন সচিব বলেন , ‘আগে আইনটি পাস হতে হবে। তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কমিশন। আলোচনা শেষে ইভিএম থাকবে কি থাকবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে জাতীয় নির্বাচনের পরেই সারা দেশে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান হেলালুদ্দীন।

Share





Related News

Comments are Closed