সিলেট নগরীতে কোরবানির জন্য ৩৬ স্থান নির্ধারণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিগত কয়েক বছরের মতো এবারো যত্রতত্র কোরবানির পশু জবাই না করার নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নগর কর্তৃপক্ষ সিটি করপোরেশন এলাকায় ৩৬টি স্থান নির্ধারণ করে দিয়েছে। এছাড়া নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার জন্য ইতোমধ্যে নগরবাসীকে উদ্বুদ্ধ করে লিফলেট ও বিভিন্নভাবে প্রচারণাও শুরু করেছে সিসিক।
এদিকে বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকে উৎসাহিত করণের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন ঈদুল আজহায় সিলেট মহানগরীর নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার নির্দেশনা দেয়া হয়। এ লক্ষে নগরীর ২৭টি ওয়ার্ডে ৩৬টি স্থান নির্ধারণের বিষয়টিও তুলে ধরা হয়।
এ সময় নগর কর্তৃপক্ষ জানায়, পশু কোরবানি দেয়ার জন্য গত কয়েক বছর ধরে নগরীর ২৭টি ওয়ার্ডে ২৭টি স্থান নির্ধারণ করে দেওয়া হলেও এ বছর আরও ৯টি স্থান বৃদ্ধি করা হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, নগরীতে যত্রতত্র পশু কোরবানি দেওয়া হলে নগরী অপরিচ্ছন্ন হয়ে পড়ে। এতে করে দ্রুততার সাথে কোরবানির বর্জ্য পরিস্কার সম্ভব হয়ে ওঠে না। এসব বিষয় বিবেচনা করে সরকারি নির্দেশনার আলোকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেয় সিলেট সিটি করপোরেশন। আর এর প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ।
তিনি নগরীর পাড়া-মহল্লার মসজিদগুলোতে নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে ইমাম ও মোয়াজ্জিনদের বয়ান পেশের মাধ্যমে এ ব্যাপারে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়া সিসিকের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদেরকে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে প্রচারণার ব্যাপারে ভূমিকা রাখতে বলা হয়।
সভায় সিসিকের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস জানান, ঈদের দিন সিটি করপোরেশনের পক্ষ থেকে কোরবানির নির্দিষ্ট স্থানে সামিয়ানা টানিয়ে দেওয়া হবে। কোরবানির পশু জবাইয়ের জন্য থাকবে অভিজ্ঞ কসাই। যারা কোরবানি দেবেন, তারা সামিয়ানার নিচে বসে নিজেদের পশু জবাই এবং জবাই পরবর্তী মাংস কাটার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারবেন।
পবিত্র ঈদুল আজহার দিন এ বিষয়টি সার্বিক তদারকি করবেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কনজারভেন্সি কর্মকর্তা হানিফুর রহমান ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস।
মতবিনিময় সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহেদুল ইসলাম সুমন, প্রকৌশলী আব্দুল আজিজ ও নগরীর বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক ইমাম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed