Main Menu

সিলেটে জাল ভোট প্রদানের অভিযোগে আটক ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের স্থগিত হওয়া দুই কেন্দ্রে আজ শনিবার (১১ আগস্ট) সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সকাল ৮টা থেকে ওই দুই কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর বেলা ১০টা নাগাদ নগরীর গাজী বুরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেলেও এর আধঘণ্টা পর দায়িত্বশীল ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে আবার তা দখলমুক্ত হয়ে যায়।

এদিকে, একই কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।

শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, শনিবার বেলা ২টার দিকে কয়েকজনকে ভেতরে আটক করা হয়েছে বলে তিনি শুনেছেন। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত ৩০ জুলাই সিসিক নির্বাচনে অনিয়মের কারণে নগরীর গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই দুই কেন্দ্রের ভোটে নির্ধারিত হবে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের ভাগ্য।

স্থগিত দুই কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রের সম্মিলিত ভোট গণনায় মেয়র পদে এগিয়ে আছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযায়ী ১৩২ কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তার চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন আরিফ। মেয়র নির্বাচিত হতে আরিফের প্রয়োজন মাত্র ৮১ ভোট।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ২২১ জন; আর হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ২ হাজার ৫৬৬ জন। সব মিলিয়ে এই দুই কেন্দ্রে ভোটের চার হাজার ৭৮৭ জন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত দুই কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় ওই দুই কেন্দ্রে পুনরায় ভোট করছে নির্বাচন কমিশন।

অপরদিকে সিলেট সিটি করপোরেশনের ৭ নং সংরক্ষিত ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বী প্রাথী নার্গিস সুলতানা রুমি ও নাজনীন আক্তার কণা সমান ৪ হাজার ১৫৫ ভোট পাওয়ায় আবারো ভোট গ্রহণ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed