Main Menu

শমশেরনগরে এক রাতে ৩টি দোকানে চুরি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে এক রাতে একটি জুয়েলারী দোকানসহ ৩টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। ৮ আগষ্ট বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর ভিতর বাজারের নীলা জুয়েলারী ওয়ার্কস-এর উপরের বাঁশের ছাদ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্র। চোর চক্র এ জুয়েরালী দোকানের লোহার সিন্দুক ভেঙ্গে ও ড্রয়ার ভেঙ্গে ২ ভরি ওজনের একটি স্বর্ণালঙ্কার, কয়েকটি রুপার চেইনসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা মিলিয়ে ৩ লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি করে। একই সাথে চোরচক্র পাশের সঞ্জীৎ পালের কাপড়ের দোকান থেকে ৫০ হাজার টাকা মূল্যের কাপড় চুরি করে নেয়। অন্যদিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন আব্দুস সামাদের ছোট টঙ দোকানের দরজা ভেঙ্গে চোরচক্র ক্যাশ থেকে নগদ ২ হাজার টাকা চুরি করে নেয়।
নীলা জুয়েলারী ওয়ার্কস-এর মালিক মিন্টু কর্মকার বলেন, তার দোকারের উপরে টিন শ্যাডের একটি ছোট দোতলা আছে। দোতলার জানালা ভেঙ্গে চোরচক্র বাঁশের ছাদ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চুরির ভয়ে মূল্যবান স্বর্ণালঙ্কার বাসায় নিয়ে রাখায় সিন্দুকে ও শো-কেছে যে স্বর্ণালঙ্কার ও ক্যাশে টাকা ছিল তাই চুরি হয়েছে। বিষয়টি শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও মিন্টু কর্মকার জানান।
অন্যদিকে কাপড়ের দোকানদার সঞ্জিৎ পাল জানান, চোরচক্র তার দোকান থেকে ৫০ হাজার টাকা মূল্যের কিছু প্যান্ট পিস নিয়ে গেছে। আর স্টেশন এলাকার টঙ দোকানী আব্দুস সামাদ বলেন, দোকানের ক্যাশে ২ হাজার টাকা ছিল তা চুরি করে নিয়েছে।
শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কিছু দিন ধরে এ বাজারে আকস্মিকভাবে চুরি বেড়ে গেছে। এ ঘটনায় রাত্রীকালীন পাহারাদারকে দায়িত্ব অবহেলার দায়ে জরিমানাও করা হয়েছে। নতুন করে আরও চুরি হচ্ছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসে চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটাটি শুনেছেন। তবে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি। তার পরও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed