Main Menu

নৈশপ্রহরী খুন, সন্দেহভাজনকে পুড়িয়ে মারলো জনতা

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জে এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যার পর সন্দেহভাজন এক খুনিকে ধরে গলধোলাই ও পুড়িয়ে মেরেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার শালবাগান ও হাটতলা মোড়ে এই দুই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নৈশ প্রহরী সুরুজ আলী ভোরে শালবাগান মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাকে ছুরি মেরে হত্যা করা হয়। এর পরপরই হাটখোলা মোড়ে দায়িত্বরত নৈশপ্রহরী শহীদ (৪০) ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে আহত হন। আহত শহিদকে দিনাজপুর এম অব্দুর রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নৈশপ্রহরীকে সন্দেহভাজন হত্যাকারী রবিউলকে ঘটনার দুই ঘণ্টা পর উত্তেজিত এলাকাবাসী তেরমাইল গড়েয়া নামক স্থান থেকে ধরে আনে। রবিউলের বাড়ি থেকে রক্তমাখা কাপড় উদ্ধারের পর প্রথমে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সকাল ৬টা থেকে দিনাজপুর-রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে বেলা ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার জানান, রবিউল ইসলাম হত্যায় জড়িত জানতে পেরে তাকে পুড়িয়ে হত্যা করে। তবে রবিউল পাগল প্রকৃতির বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed