Main Menu

৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনে অবরুদ্ধ, অচল রাজধানী ঢাকা। তবে এরই মধ্যে পূর্বঘোষিত ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩ আগস্ট) যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২ আগস্ট) কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে।’

আন্দোলনের মুখে পরীক্ষায় কোনও অসুবিধে হবে কিনা- এ বিষয়ে তিনি বলেন, ‘এগুলোতে (শিক্ষার্থীদের কর্মসূচি) কোনও অসুবিধা নেই। কারণ অনেক আগেই পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। ৩৯ হাজার পরীক্ষার্থী। শুধু ঢাকায় পরীক্ষা হবে। বেশিরভাগ প্রার্থীই ঢাকার, কারণ ঢাকায় মেডিকেল কলেজ বেশি।’

এদিকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, গহনা-অলংকার, ক্রেডিটকার্ড, ব্যাংক কার্ড এবং ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেউ এসব জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলে সেগুলো বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি ভবিষ্যতে তাকে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার সময় হাত ঘড়ি, পকেট ঘড়ি ও ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার করা যাবে না জানিয়ে কমিশন বলেছে, সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি রাখা হবে। পরীক্ষা হলে প্রার্থীরা কানে কোনও আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। গহনা-অলংকার জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না।

সেখানে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। রাজধানীর ২৫টি কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে। দুপুর দেড়টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করে সিটে বসতে হবে। দুপুর আড়াইটায় দেয়া হবে উত্তরপত্র। ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বের হতে পারবে না।

এর আগে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

বিশেষ এ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed