Main Menu

ইবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সকল বিষয়ের উপর সান্ধ্যকালীন কোর্স বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার প্রশাসন ভবনের ৩য় তলায় ভিসির কনফারেন্স রুমে ১১৩তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে, বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি বিষয়ের উপর সান্ধ্যকালীন কোর্স চালু ছিল। সভায় বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সান্ধ্যকালীন কোর্স বন্ধের এজেন্ডা উপস্থাপন করেন ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। এসময় উপস্থিত প্রায় সকল শিক্ষক এ এজেন্ডাকে সমর্থন করেন। সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত ছাড়াও সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সান্ধ্যকালীন কোর্স বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন চলমান সান্ধ্যকালীন কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ করতে পারবে। তবে সান্ধ্যকালীন কোর্সে নতুন করে কোন শিক্ষার্থী ভর্তি করানো হবে না।’

সান্ধ্যকালীন কোর্স বন্ধের বিষয়ে ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্তটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমি মনে করি দেশে কোন বিশ্ববিদ্যালয় এ ধরণের সিদ্ধান্ত নিতে পারেনি। রেগুলার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করতে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করবে বলে আমি মনে করি।’

Share





Related News

Comments are Closed