তিন সিটিতে ভোটগ্রহণ সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সোমবার (৩০ জুলাই) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বরিশাল সিটিতে ১১টি, রাজশাহী ও সিলেটে ২টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ইসি থেকে জানানো হয়, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সোমবার ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইতোমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে।
তিন সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, তিন সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, রাজপথের বিরোধী দল বিএনপি ছাড়াও কয়েকটি দলের প্রার্থী থাকায় নির্বাচনী এলাকায় বিরাজ করছে রাজনৈতিক উত্তাপ। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের মাঠে রাখা হয়েছে।
তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকাগুলোতে টহল দেবেন।
পাশাপাশি অতিরিক্ত জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন নির্বাচনী এলাকায়।
তারা ৩১ জুলাই মঙ্গলবার পর্যন্ত মাঠে থাকবেন। সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
রাজশাহীতে মেয়র পদে লড়ছেন পাঁচজন, অন্যদিকে বরিশাল এবং সিলেটে সাতজন করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীদের মধ্যে রাজশাহীতে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশালে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ ও বিএনপির মুজিবুর রহমান সারওয়ার এবং সিলেটে আওয়ামী লীগের বদরউদ্দিন কামরান ও বিএনপির আরিফুল হক সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন।
রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও মহিলা ১ লাখ ৬২ হাজার ৫৩জন। ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি।
এ সিটিতে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পাঁচজন মেয়র পদে এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৬০ জন ও নারীদের জন্য সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও মহিলা ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোটকেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি।
এ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপির মজিবর রহমান সরওয়ারসহ সাতজন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন ও নারীদের জন্য সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ৩৪ জন নির্বাচনী দৌঁড়ে সামিল হয়েছেন।
সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৭ জন।
এ সিটিতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ১৯৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী ও নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীকে, বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান হাতপাখা প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী এহছানুল হক তাহের হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত আসনের ৯টি ওয়ার্ডে ৬২ জন নারী কাউন্সিলর ও ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১২৭ প্রার্থী।
উল্লেখ্য, গত ২৯ মে নির্বাচন কমিশন এই তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed