Main Menu

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৩জন নিহত হয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা, বরগুনার পাথরঘাটা উপজেলা ও কুমিল্লা সদরে এসব ‘বন্দুকযুদ্ধের’ এসব ঘটনা ঘটে।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (২৮ জুলাই) ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধ’ হয়।

সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রেজাউল ইসলাম নামে (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুলাই) মধ্যরাতে উপজেলার খানপুর বাজারে একটি ইটভাটার কাছে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, রেজাউল মোটরসাইকেল চোর চক্রের হোতা। তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১২টি মামলা রয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, ঢাকার পল্লবী থানা পুলিশ মোটরসাইকেল চোর চক্রের হোতা রেজাউল ইসলামকে বৃহস্পতিবার (২৬ জুলাই) একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করে। পরের দিন (শুক্রবার) শ্যামনগর থানা পুলিশ রেজাউলকে সাতক্ষীরায় নিয়ে আসে। রেজাউলের স্বীকারোক্তি অনুযায়ী চোরচক্রের আরও তিন সদস্য শামীম, শাহজাহান ও সাহিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়।

তিনি বলেন, রেজাউলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে খানপুর এলাকায় আরও মোটরসাইকেল উদ্ধার করতে যায় পুলিশ। খানপুর এলাকায় পৌঁছানো মাত্র সন্ত্রাসীরা রেজাউলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এতে পুলিশের তিন কনস্টেবল আহত হন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় রেজাউলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেয়া যায়। তাৎক্ষণিক তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও কিছু গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আজম খান আরও জানান,নিহত রেজাউল শ্যামনগর উপজেলার বাদোঘাটা গ্রামের আবদুল মাজেদ দফাদারের ছেলে। তার বিরুদ্ধে ১২টিরও বেশি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বরগুনা:
বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছেন। শনিবার ভোরে পাথরঘাটার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতের নাম কাজল। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বলেশ্বর নদীর সুন্দরবন সংলগ্ন মাঝেরচর এলাকায় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব-৮। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে জলদস্যুরা পিছু হঁটলে ঘটনাস্থলে তল্লাশি করে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য কাজলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর বলেন, নিহত জলদস্যু কাজলের মরদেহ পাথরঘাটা থানায় হস্তান্তর করবে র‌্যাব।

কুমিল্লা:
কুমিল্লা সদরে র‌্যাব ও বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সহিদুল ইসলাম সফু নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে সদরের কাপ্তান বাজার গোমতি নদীর বেড়িবাঁধ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সফু সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed