Main Menu

ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুরের বটেরতল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেটগামী দ্রুতগতির টুকরো কাপড় বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৪৩৩) বিপরীতমুখি যাত্রীবাহী মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৪-০২৮৬) চাপা দিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মাইক্রোযাত্রী ১ নারী, ১ শিশু ও ২ যুবক মারা যায়। তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় আরো ৫ মাইক্রোযাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

তবে একটি সূত্রে জানা গেছে, তারা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মুকিরগাঁও গ্রামের একই পরিবারের লোক। ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছে।

এদিকে মহাসড়কের ওপর ট্রাকটি উল্টে যাওয়ায় ঘটনার পর থেকে মহাসড়কে কিছুক্ষন যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ওসি আলী মাহমুদ, ওসমানীনগর উপজেরা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সুন্দর মিয়া জানান, একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে চলে আসে এবং পরবর্তী সময়ে রাস্তার উঠতে গেলেই দ্রতগতির ট্রাকটি চাপা দিয়ে উল্টে যায়।

ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় উপ-পরিচালক তণয় বিশ্বাস বলেন, আশংকাজনক অবস্থায় আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো ১ জনের মৃত্যু হয় বলে তিনি জানান। তবে কারো পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed