Main Menu

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে নবম শ্রেণীর ছাত্র হোসেন আলী (১৫)। সে হরিপুর উপজেলায় কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফার ছেলে।

গেদুরা ইউনিয়নের সদস্য মঞ্জুরুল ইসলাম জানান, হোসেন আলী ২০ জুলাই শুক্রবার সন্ধ্যার পর বন্ধুদের সাথে তার বাড়ি থেকে দক্ষিণে ডাবরি সীমান্ত এলাকায় যায়। ওই সময় তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে ডাবরির সীমান্তের বিপরীতে ভারতের নারগাঁও বিএসএফ চৌকির টহল দল। বুলেটে হোসেন আলী গুরুতর আহত হয়। অন্যরা দৈব্যক্রমে বেঁচে যায়। হোসেনকে তার সঙ্গীরা বাড়িতে আনে।

পরে চিকিৎসার উদ্দেশ্যে ঠাকুরগাঁও শহরে আনার পথে রাত আনুমানিক ১১টায় মারা যায় সে। তার পেটে বুলেটের ক্ষত রয়েছে বলে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউপির সাবেক ওয়ার্ড সদস্য শরিফ জানান।

তিনি বলেন, হোসেন আলী তার ফুফার বাড়ি ভরনিয়া গ্রামে থেকে লেখাপড়া করে। সে ওই এলাকার মধ্য ভরনিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। শনিবার সকালে তার মরদেহ ফুফার বাড়ি থেকে তার গ্রামের বাড়ি নেয়া হয়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর হোসেন আলীর দাফন সম্পন্ন হবে।

তথ্যসুত্রঃ যুগান্তর

Share





Related News

Comments are Closed