কোটা পর্যালোচনা কমিটির সময় বাড়লো ৯০ দিন
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় ৯০ দিন বৃদ্ধি করেছে সরকার।
বৃহস্পতিবার (১৯ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে গত ২ জুলাই গঠিত কমিটির মেয়াদ আরো ৯০ কার্যদিবস বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/সংস্কার/বাতিলের লক্ষ্যে সাত সদস্যের ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। ১৯ জুলাই বৃহস্পতিবারই কমিটির ১৫ কার্যদিবসের মেয়াদ শেষ হয়েছে।
সময় বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, গঠিত কমিটির মেয়াদ ১৫ কার্যদিবসের অতিরিক্ত ৯০ কার্যদিবসে বর্ধিত করা হলো।
মন্ত্রীপরিষদ বিভাগ সচিব ছাড়াও কমিটিতে জনপ্রশাসন, অর্থ, সরকারি কর্ম কমিশন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নিয়ে কমিটি গঠিত হয়েছিলো।
দীর্ঘদিন ধরে কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই কোটা পর্যালোচনায় কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি চাকরির কোটার বিন্যাস হচ্ছে- মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ (ছেলে-মেয়ে ও নাতি-নাতনি), নারী ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ। এই মোট ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে এক শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে।
এই কোটা ১০ শতাংশে কমিয়ে আনার দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন গড়ে তোলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল সংসদে বলেছিলেন— ‘কোটা পদ্ধতিই থাকবে না ।’ পরে অবশ্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান যে, আদালতের নির্দেশ থাকায় কোটা পদ্ধতি বাতিল করা সম্ভব নয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed