ঘুমের ঔষধ খাইয়ে দুই বাসার ১০ লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ভবনের দোতলার জানালার গ্রিল কেটে প্রবেশ করে তৈরি খাদ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দুটি বাসার লোকজনকে অবচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকার, পাসপোর্ট, মুঠোফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এ ঘটনাটি ঘটে।
দুটি বাসার আক্রান্তদের স্বজন ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা রাতে কোন এক সুযোগে দুর্বৃত্তরা শিংরাউলী গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর ভবনের দোতলায় উঠে ভাড়াটে নিত্যানন্দ দেবনাথ ও সৈয়দ তৈয়ব উদ্দীনের বাসার রান্না ঘরে তৈরি খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে রাখে। এ দুটি বাসার লোকজন খাবার খেয়ে গভীর ঘুমে মগ্ন থাকলে গভীর রাতে রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।
দুর্বৃত্তরা ঘরের ভিতর প্রবেশ করে নিত্যানন্ত দেবনাথের আলমারি ভেঙ্গে ভারতীয় ভিসাযুক্ত দুটি পাসপোর্ট, নগদ দেড় লাখ টাকা, ৩টি মুঠোফোন ও ৮ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়।
একইভাবে দুর্বৃত্তরা সৈয়দ তৈয়ব উদ্দীনের বাসার আলমারি ভেঙ্গে তছনছ করে ৩টি মুঠোফোন, নগদ ২০ হাজার টাকা ও ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়। খাদ্যে মেশানো ঘুমের ঔষধের প্রতিক্রিয়ায় দুটি বাসার কেউ কথা বলতে পারেননি।
তবে ভবন মালিক আব্দুল হামিদ চৌধুরী বলেন, এ ধরের অভিনব প্রথায় দু:সাহসিক চুরি এ এলাকায় এর আগে কখনও ঘটেনি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনিসহ উপপরিদর্শক আবু সায়েম মো. আব্দুর রহমান, উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলম ও উপসহকারী পরিদর্শক মো. আয়াছ মাহমুদ ঘটনাস্থলের আক্রান্ত দুটি বাড়ি পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জ থানায় এ ঘটনায় কোন অভিযোগ হয়নি।
পরিদর্শক অরূপ কুমার চৌধুরী আরও বলেন, এ ভবনের দেয়ালের সাথেই রয়েছে অনেকগুলি সুপারি গাছ। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা আগে থেকে পরিকল্পনা করে সুপারি গাছ বেয়ে উপরে উঠে অভিনব প্রথায় দোতলার এ দুটি বাসার রান্না ঘরের খাবারে ঘুমের ঔষধ মিশিয়েছে। পরে রাত গভীর হলে ও বাসার লোকজন গভীর ঘুমে মগ্ন থাকলে সে সুযোগে জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অর্থ, স্বর্ণালঙ্কার ও অর্থসহ মালামাল লুটে নিয়ে যায়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed