Main Menu

ফের কামরানের বিরুদ্ধে আরিফুল হকের অভিযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে ফের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। একই সাথে নির্বাচনের প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েও পৃথক অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করা হয়। আরিফের পক্ষে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

অভিযোগে বলা হয়েছে- ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শুরুতেই বারবার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানানো হলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তারা দিনদিন অপ্রতিরুদ্ধ হয়ে উঠছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে বিশাল স্টেজ, ব্যানার, কয়েক শতাধিক চেয়ার ও বেশ কয়েকটি মাইক বাজিয়ে নৌকার পক্ষে সমাবেশ করেছে, যা স্পষ্ট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া ওসমানী হাসপাতাল একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান। এখানে আড়াই হাজার থেকে তিন হাজার রোগী চিকিৎসা নিচ্ছে। এখানে মাইক বাজিয়ে জনসমাবেশ করা বে-আইনি। অন্যদিকে সরকারি চাকুরীজীবীরা প্রকাশ্যে এই সমাবেশ আয়োজন করেছে বলে আমাদের কাছে যথেষ্ট প্রমাণাদিও রয়েছে।’

অপর অভিযোগে বলা হয়- ‘নির্বাচনী প্রচারণার সময় বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তা আইনসম্মত নয়। এটা সংবিধান ও নির্বাচন আচরণবিধি পরিপন্থী। বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন চলছে এবং অব্যাহতভাবে গণ-গ্রেপ্তার করার হুমকি-ধামকি দেয়া হচ্ছে। বিশেষ করে সাদা পোশাকধারীর বেশে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে রাতে নেতাদের বাড়িতে গিয়ে বিনা ওয়ারেন্ট ও মামলাবিহীন বিএনপি নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ী তল্লাশি করছে এবং আমাদের এজেন্টদের ভয় দেখাচ্ছে যার ফলশ্রুতিতে কেউ বাড়িতে থাকতে পারছে না। এসব ঘটনা আমাদের দেশে আইন সম্মত নয় ও মানবাধিকার পরিপন্থী।’

দুই অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ‘আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে দুটি পৃথক অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

প্রসঙ্গত; এর আগেও আরিফ-কামরান একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছিলেন।

Share





Related News

Comments are Closed