Main Menu

কোটা সংস্কার আন্দোলনের নেতা তারেক ‘নিখোঁজ’

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তারেক রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার জন্যই তাকে তুলে নেয়া হয়েছে। দ্রুত তার সন্ধান চায় পরিবার।

সোমবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান তারেকের বাবা মো. আব্দুল লতিফ এবং মা শাহানা বেগম।

সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ বলেন, গত ১৪ জুলাই (শনিবার) তারেকের সঙ্গে শেষ কথা হয় আমার মেয়ের। সে ফোনে বলছিল তাকে সাদা পোশাকে কেউ অনুসরণ করছে, আমাকে খুঁজছে। এই কথার পর থেকে আমরা তার মোবাইল বন্ধ পাই। রবিবার দিবাগত মধ্যরাতে শাহবাগ থানায় তারেকের মা জিডি করতে গেলে ডিউটি অফিসার জানান তারা তদন্ত করে জিডি নিবে।

আব্দুল লতিফ আরও জানান, তারেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে। ছাত্রজীবনে সে কুমিল্লা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। ঢাকায় সে বিসিএস এর জন্য কোচিং করতো কনফিডেন্স কোচিং সেন্টারে, আর থাকতো বাড্ডায় বোনের বাসায়। আমি তাকে বলতাম চাকরি এমনিতেই হবে আন্দোলন করা লাগবে না। সে আমাকে বুঝানোর চেষ্টা করতো। আমি বলতাম তোমার লেখাপড়া শেষ এখন ক্যাম্পাসের দিকে যাওয়ার দরকার নেই তবে মিছিল মিটিং করো। কথা শুনতো না।’

‘আমরা ছেলের সন্ধান চাই। সে যদি অপরাধ করে থাকে পুলিশ ব্যবস্থা নিবে কিন্তু তার খোঁজ চাই আমরা।’

Share





Related News

Comments are Closed