Main Menu

কোটা সংস্কার আন্দোলনের নেতা সুহেল কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার গ্রেফতার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সুহেলকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) বিকেলে ঢাকা মহানগর হাকিম জিয়াউল ইসলামের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর চামেলীবাগের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের বাসা থেকে তুলে নেয়া হলেও সন্ধ্যার পর বিষয়টি স্বীকার করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৯ এপ্রিল রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে শতাধিক মুখোশধারীরা উপাচার্যের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র লোহার রড, পাইপ, হেমার, লাঠি ইত্যাদি নিয়ে উপাচার্যের বাড়ির ওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে।

দুষ্কৃতকারীরা ঐতিহ্যবাহী ভবনে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ফ্যানসহ সব মালামাল ভাঙচুর করে। ভবনে রক্ষিত দুটি গাড়ি পুড়িয়ে দেয়। ভবনে রক্ষিত সিটি ক্যামেরা ভাঙচুর করে ও আলামত নষ্টের জন্য কম্পিউটারে রক্ষিত ডিভিআর পুড়িয়ে দেয়।

এতে কমপক্ষে দেড়কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এছাড়া একই সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জালানোসহ নাশকতা সৃষ্টি এবং পুলিশকে মারধরের ঘটনায় আরও তিনটি মামলা দায়ের করে পুলিশ।

Share





Related News

Comments are Closed