Main Menu

সন্ত্রাসী হামলায় সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন । তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, সিলেট সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ইমন গতকাল বুধবার দুপুরে এম সাইফুর রহমান কলেজে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। এ সময় একাদশ বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের ক্লাস নিচ্ছিলেন। ক্লাস চলাকালে তারা উচ্চ স্বরে আওয়াজ করলে ওই শিক্ষক তাকে বাধা দেন। এরপর ওই শিক্ষক বিষয়টি অধ্যক্ষের নজরে আনেন। এরপর অধ্যক্ষ এ বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করলে সে অধ্যক্ষের সাথে তর্কে লিপ্ত হয়। এ নিয়ে অধ্যক্ষ নজরুল ও ইমনের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে।

কলেজের একটি সূত্র জানায়, ইমন এ সময় কলেজের ক্লাসরত ছাত্রীদের উত্ত্যক্ত করছিল।

খবর পেয়ে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। কলেজের ছাত্র-শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী শুনে মোবাইল কোর্ট বসিয়ে ইমনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করেন। জরিমানার টাকা দিয়ে ইমন থানা থেকে ওইদিনই মুক্ত হয়।

এ বিষয়ে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল রিসিভ করে তার ছেলে অর্প জানায়, কলেজের অপ্রীতিকর ঘটনার জের ধরে তার পিতা বুধবার মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। ৮/১০ জন যুবক এসে তাকে আকস্মিক আক্রমণ করে তাকে আহত করে। তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় কয়েকটি সেলাই দিয়েছেন। এরপর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। রাতেই তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় অর্প।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাই জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed