Main Menu

সিলেটে কিডনী ফাউন্ডেশনের উদ্বোধন ২০ জুলাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় কিডনী ফাউন্ডেশন, ঢাকার সরাসরি তত্ত্বাবধানে কিডনী ফাউন্ডেশন, সিলেট শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২০ জুলাই। দেশ-বিদেশের বিশিষ্ট কিডনী চিকিৎসকগণ এই শাখার সাথে সম্পৃক্ত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। এতে সভাপতিত্ব করবেন জাতীয় কিডনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর হারুন উর রশীদ।

সংশ্লিষ্টরা জানান, এই চিকিৎসা ব্যবস্থা সাময়িকভাবে সিলেটের শাহজালাল উপশহরস্থ রোজভিউ হোটেটের পাশে সৈয়দ প্লাজার ৪র্থ তলা থেকে দেয়া হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে, সিলেট শাখার উদ্বোধন উপলক্ষে আগামী ২১-২২ জুলাই আমেরিকা, ঢাকা ও সিলেটের বিশিষ্ট কিডনী চিকিৎসকগণের সমন্বয়ে একটি ‘কিডনী ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্পে মোট ৬/৭ জন কনসালট্যান্ট উপস্থিত থাকবেন।

কিডনী বিষয়ক জটিল রোগীদের চিকিৎসার জন্য তথ্য নিয়ে ১৬-১৯ জুলাইয়ের মধ্যে উপরে উল্লেখিত সেন্টারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় রোগীর পক্ষে পূর্ব চিকিৎসার তথ্য নিয়ে যে কোন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে সিলেট কিডনী ফাউন্ডেশন, সৈয়দ প্লাজা, শাহজালাল মাল্টিপ্ল্যান, ৪র্থ তলা, মেইন রোড, ব্লক-৬/এ, শাহজালাল উপশহর, সিলেট- এই ঠিকানায়। প্রয়োজনে ৭১৯৫৯৮ ও ৭১৯৫৯৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।

Share





Related News

Comments are Closed